সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগের এই এমপির বাদ জোহর বাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় রায়গঞ্জের বাকাই গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকোওয়াত হোসেন সুইটসহ বিভিন্ন রাজনেতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে গাজী ইসহাক হোসেন তালুকদার ইন্তেকাল করেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে তিন দফা রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৫০ সালের ১৮ জুন সিরাজগঞ্জে জন্ম নেয়া ইসহাক তালুকদার স্ত্রী, দুই ছেলে ও নাতী-নাতনী রেখে গেছেন।
সোমবার ঈদের দিন সন্ধ্যায় ইসহাক হোসেন তালুকদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সকাল ১০টায় সিরাজগঞ্জের তাড়াশ ঈদগাহ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ঈমাম ও নাটোর গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রমুখ।
এদিকে ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকারড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিপ হুইপ আ স ম ফিরোজ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।