ঈদ উল আজহা উপলক্ষে মঙ্গলবার বিকালে মাগুরা পৌরসভার আয়োজনে সেখানকার নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা নৌকাবাইচ। নৌকাবাইচটিতে মোট ৯টি নৌকা অংশ নিয়েছিল। এর মধ্যে মাগুরার কাপাশহাটির নৌকা প্রথম, খুলনার তেরখাদার নৌকা দ্বিতীয় ও নড়াইলের লোহাগড়ার নৌকা তৃতীয় স্থান লাভ করেছে।
কাচাইচের সময় নবগঙ্গা নদীর পারনান্দুয়ালী মুন্সিপাড়া ঘাট থেকে ঢাকা রোড় ব্রিজঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।
পৌরসভার মেয়র ইকবাল আকতার খান কাফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর। তিনি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রবীণ শিক্ষক খান জিয়াউল হক প্রমুখ।