প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী আব্দুল মতিনের মৃত্যুতে বুধবার গভীর শোক প্রকাশ করেছেন। খবর: বাসসের।
এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার সোপান রচিত হয়। আর ‘ভাষা মতিন’ সেই আন্দোলনের অন্যতম সংগ্রামী। তার মৃত্যুতে একটি জীবন্ত ইতিহাসের অবসান ঘটল।
শেখ হাসিনা ভাষা মতিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আব্দুল মতিন মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।