রাজশাহীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

 
রাজশাহীতে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর ৪ আরোহীর মধ্যে একেজন চিকিত্সাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংলগ্ন নাককাটি মন্দিরের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঘটনাস্থলে মহিষবাথানের আবুল কালাম আজাদের ছেলে রাশেদুল ইসলাম রাসেল (২৪) ও সাগরপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে রানা (২২) নিহত এবং রামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সাগরপাড়ার মিজানুর রহমানের ছেলে মুক্তাদির রহমান (২৪) মারা যান। এছাড়া শেখের চকের গৌরাঙ্গ দেবের ছেলে জিটু দেব (২৫), মহিষবাথাানের রুস্তম আলীর ছেলে রাকিব (২৫) ও ডিংগাডোবার বাদল ইসলামের ছেলে মাহফুজুর রহমান সজীব (২৪) রামেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এদের মধ্যে সজীবের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাহেববাজারের দিক থেকে টিভিএস একটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে চালকসহ তিন আরোহী নগরীর কোর্টের দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  সাহেব বাজারের দিক থেকে আসা মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক রাসেল ও রানা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয়রা তাদের রামেক হাসপাতালে পাঠায়। পরে রাজশাহী সদর দমকণল ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ময়না তদন্ত শেষে তিনজনের লাশ বুধবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।