গাজীপুরে সুতা তৈরির কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্প নগরীতে বুধবার সন্ধ্যায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার বিপুল পরিমাণ সুতা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই এলাকার নীট এক্সপ্রেস নামক একটি সুতা তৈরীর  কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে কারখানার গুদামে রাখা ১৫-২০টন সুতাসহ অন্যান্য মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে টিনসেড ভবনেরও বেশ কিছু অংশ পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিক ভাবে কিছু জানা যায়নি।
কারখানার এমডি শাহীন আলম মোবাইল ফোনে জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি গ্রামের বাড়ি থেকে ঘটনাস্থলে আসছেন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা না দেখে বলা যাচ্ছে না।