জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক পন্থা ব্যতীত ভিন্ন পথে বন্ধুক নিয়ে, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাবার কোন সুযোগ নেই। এই বিষয়ে সরকার সতর্ক রয়েছে। যারা বন্দুক নিয়ে ক্ষমতায় এসেছিল, তাদের আর ফেরার কোন পথ নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ১৪ কোটি মানুষের শক্তি নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যাচ্ছেন এবং তিনি চারিদিকে নজর রাখছেন।
সংসদ উপনেতা বুধবার সন্ধ্যায় মাগুরা শহরের আছাদুজ্জামান মিলনায়তনে রেডক্রিসেন্ট সোসাইটিতে কর্মরত চাকুরীজীবী আয়োজিত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি’ কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। তিনি আমাদের একটি শাসনতন্ত্র ও সংবিধান দিয়ে গেছেন। বাঙ্গালীরা কোনদিন ভয় পায় না। মুক্তিযোদ্ধাসহ এই বাঙ্গালী ঐক্যবদ্ধভাবেই এটি রক্ষা করবে।
সভায় অবসর প্রাপ্ত জেলা জজ মোল্লা মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- মহিলা এমপি কামরুল লাইলা জলি প্রমুখ।