নোয়াখালীতে একজনকে পিটিয়ে হত্যা

বুধবার রাত ৮টার দিকে নোয়াখালী সদর উপজেলার ইসলামগঞ্জ এলাকার বাজারে লেনদেন সংক্রান্ত কথা কাটাকাটির জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম নুরুল আলম (৫৫)। তিনি সদর উপজেলার দুর্গানগর গ্রামের সুজা মিয়ার ছেলে। তিনি চট্ট্রগ্রাম বন্দরের শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে সুধারাম থানার এসআই তানভীর আহমেদ সাংবাদিকদের জানান, বেগমগঞ্জ উপজেলার মিলন ও রহিম কয়েকমাস আগে নুরুল আলমের কর্মস্থল চট্রগ্রাম বন্দরের পাশে একটি দোকান ভাড়া নিতে যায়। দোকান মালিককে বায়না দেয়ার সময় নুরুল আলমকে সঙ্গে নিয়ে ওই দোকান মালিককে তারা কিছু টাকা বায়না হিসেবে দেন।
কিন্তু সময় মত বাকি টাকা দিতে না পারায় দোকান মালিক আরেকজনের কাছে দোকান ভাড়া দিয়ে দেন। এরপর দোকান মালিকের কাছ থেকে বায়নার টাকা আদায় করে দেয়ার জন্য মিলন ও রহিম মিলে নুরুল আলমকে চাপ দিতে থাকে। রাতে বাজারের পাশে একটি চায়ের দোকানে বসা অবস্থায় এই নিয়ে নুরুলের সঙ্গে মিলন ও রহিমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মিলন-রহিমসহ আরও ৪-৫ জন নুরুলকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এসআই তানভীর বলেন, “ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি। ফলে কাউকে গ্রেপ্তার করা হয়নি।”