কলারোয়ায় কলেজ শিক্ষকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, গৃহবধূসহ দুই শিশু দগ্ধ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়ায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এক গৃহবধূসহ দুই শিশু দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের কলেজ শিক্ষক খলিলুর রহমানের বাড়িতে এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলো, খলিলুর রহমানের স্ত্রী ঝর্না বেগম (৩৫), তার ছেলে তানভীর (৮) ও আসাদ (১১)।
 

উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের (শেখ আমানুল্লাহ কলেজের দর্শন বিভাগের শিক্ষক) খলিলুর রহমান জানান, রাতে তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দের আওয়াজে ঘুম থেকে জেগে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। আগুনে তার স্ত্রীসহ দুই পুত্র দগ্ধ হয়। তাৎক্ষণিক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

 

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।