রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ তিন জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন বিএনএস টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় লাইবেরিয়ার নাগরিক উইলিংটন কিং (৩৭) নিহত হন। তিনি রামপুরের বনশ্রী এলাকায় থাকতেন। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
উত্তরা পশ্চিম থানার ওসি-তদন্ত মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উইলিংটন বৈধ না অবৈধ অভিবাসী তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বুধবার রাত নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় খিলক্ষেতে লোটাস কামাল টাওয়ারের সামনে চিসিম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি খিলক্ষেতের নিকুঞ্জের শিশুপল্লী নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
অন্যদিকে বুধবার রাত ১১টার দিকে আসাদ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।