সাভারের হেমায়েতপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গজারিয়া কাঞ্চনপুর গ্রামে পিসার বাড়ীতে বেড়াতে এসে নৌকা ডুবিতে তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া কাঞ্চনপুর বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, সাভারের হেমায়েতপুর এলাকার শ্যামপুর গ্রামের বিকাশ মনিদাশের মেয়ে শিমলা রানী (১১), ইন্দ্রজিত মনিদাসের মেয়ে স্বর্ণা মনিদাস (১০) ও স্বপন মনিদাসের মেয়ে ঈশিতা রানী মনিদাস (৮)।
সুত্রাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বিরেন্দ্র চন্দ্র মনিদাস জানান , লক্ষীপূজা উপলক্ষে সাভারের হেমায়েতপুর এলাকার শ্যামপুর গ্রাম থেকে দুইদিন আগে বাবা-মা’র সাথে ওই শিশুরা কাঞ্চনপুর গ্রামের পিসা প্রদীপ মনিদাসের বাড়ীতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে ওই শিশুরা পিসার বাড়ির কয়েকজন শিশুর সাথে একটি কোষা নৌকায় চড়ে পার্শ্ববতী গজারিয়া কাঞ্চনপুর বিলে শাপলা তুলতে যায়। এক পর্যায়ে শিশুদের হুরোহুরিতে হঠাৎ মাঝ বিলে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য শিশুরা সাঁতার কেটে পাড়ে উঠলেও একই পরিবারের ওই তিন শিশু সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। খবর পেয়ে এলাকার লোকজন বিল থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।
থানার উপ-পরিদর্শক সজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।