মারলন স্যামুয়েলসের শতকে ভর করে ভারতকে দেশের মাটিতে নাস্তানাবুদ করল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে ১২৪ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
বুধবার কোচির নেহেরু স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ভারত। স্যামুয়েলসের শতক ও দিনেশ রামদিনের অর্ধশতকে প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩২১ রান সংগ্রহ করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১২৬ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস। ভারতের মোহাম্মদ সামি ৪ উইকেট নেন ৬৬ রানে।
IMG0
জবাবে ৪১ ওভারে ১৯৭ রানে অলআউট হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন ভারত। অজিঙ্কা রাহানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন শিখর ধাওয়ান। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি ভারত।
IMG1
সর্বোচ্চ ৬৮ রান করেন ধাওয়ান। তিনি ছাড়া বিশের বেশি রান করেন কেবল রবিন্দ্র জাদেজা (অপরাজিত ৩৩) ও রাহানে (২৪)। ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলস, অধিনায়ক ডোয়াইন ব্র্যাভো ও রবি রামপল দুটি করে উইকেট নেন।
IMG2