সড়ক দুর্ঘটনায় কাউখালী থানার এসআইয়ের মৃত্যু

 
 
সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের কাউখালী থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার জসিম উদ্দিন মোটরসাইকেল যোগে আসছিলেন। রাজাপুর উপজেলার ব্র্যাক মোড়ে পৌঁছলে পিছন থেকে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি বরগুনার বামনায় বলে জানা গেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান এ ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।