ইবোলায় বিশ্বব্যাপী ৩৯০০ জনের মৃত্যু

 
 টেক্সাসে একজনসহ বিশ্বব্যাপী প্রায় ৩ হাজার ৯০০ লোকের প্রাণ কেড়ে নিয়েছে ইবোলা । যুক্তরাষ্ট্র ও কানাডা বুধবার বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করার কথা ঘোষণা করেছে। 
ভাইরাসটি আফ্রিকা থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। আফ্রিকার বাইরে প্রথম স্পেনের এক নার্স এই রোগে আক্রান্ত হন। সংক্রামক রোগটির এই বিস্তার নিয়ে পশ্চিমা বিশ্বের ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসেবে অনুযায়ী, চলতি বছর  ইবোলা ভাইরাসে ৮ হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৮৬৫ জন মারা গেছে। আক্রান্তদের অধিকাংশই লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনির বাসিন্দা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সুজানা জাকাব ইউরোপে বিচ্ছিন্নভাবে এই রোগে আক্রান্তের ঘটনা ‘এড়িয়ে যাওয়া সম্ভব না হলেও’ মহামারীর আকারে এই রোগের বিস্তারের আশঙ্কা ‘খুবই কম।’
ওয়াশিংটনে কর্মকর্তারা নিউইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, আটলান্টা ও নিউজার্সিতে অবস্থিত পাঁচটি প্রধান বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করার ঘোষণা দিয়েছে।
কানাডা কর্তৃপক্ষও ইবোলা ভাইরাস সংক্রমণের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তারা দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে পদক্ষেপ নিয়েছে।
কানাডার স্বাস্থ্যমন্ত্রী রোনা অ্যাম্ব্রস জানান, ইবোলা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে কঠোর ব্যবস্থা অবলম্বন করা হবে।
এদিকে, লস অ্যাঞ্জেলেস ও ডালাসে দু’ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মাদ্রিদে এক নার্স ইবোলায় আক্রান্ত হবার পর স্পেনে এই রোগে আক্রান্ত সন্দেহে ৫ জনকে আলাদা করে রাখা হয়েছে। এছাড়াও দেশটিতে আরো বেশ কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই নার্স বয়স্ক দুই মিশনারীর চিকিৎসা করছিলেন। ওই মিশনারী দুজন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইবোলা মোকাবিলায় আরো বেশি সংখ্যক দেশকে সহায়তা করতে হবে।