বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে রীতিমত শোরগোল চলছে ক্রিকেট বিশ্বে। অনেক তারকা খেলোয়াড় সন্দেহের তালিকায় পরে নিষিদ্ধও হয়েছেন। সেই তালিকায় নেই কোনো ভারতীয় বোলার। তালিকায় ভারতীয় বোলারদের পড়ার কোনো আশঙ্কাও নেই বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
তিনি বলেছেন, ‘বর্তমান ভারতীয় দলে কোনো সন্দেহজনক বোলার নেই। সবার বোলিং অ্যাকশনই সঠিক এবং পরিষ্কার থাকায় তাই সন্দেহের তালিকায় ভারতীয় কোনো বোলারের নাম উঠার আশঙ্কা নেই।’
বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে গেল ১০ মাস ধরে চুলচেরা বিশ্লেষণ চালাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ার প্যানেল। যে কোনো ম্যাচেই বোলারদের অ্যাকশনের দিকে কড়া নজরদারি আম্পায়ারদের। আর তাতে বেকাদায় পড়েছেন অনেক তারকা বোলার। শুধু বেকাদায়ই নয়, নিষিদ্ধও হয়েছেন অনেকে। বিশেষভাবে পাকিস্তানের সাঈদ আজমল নিষিদ্ধের পর, আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে ক্রিকেট অঙ্গনে।
ম্যাচে বোলারদের সব বল ত্রুটিপূর্ণ হয় না। কিছু কিছু বল ত্রুটিপূর্ণ হিসেবে চিহিত করেন আম্পয়ারা। কিন্তু কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়? এমন প্রশ্নের উত্তরে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর বেশি চাপ সৃষ্টি করতে গিয়ে নিজের বোলিং-এ বেশি জোড় দিয়ে অ্যাকশনে ঝামেলা পাকিয়ে ফেলেন বোলাররা। এছাড়া অনেক সময় বোলাররা ক্লান্তও থাকে। তখনও বোলিং-এ জোড় দিতে গিয়ে ১৫ ডিগ্রির বেশি হাত বাকিয়ে ফেলে তারা। এটি সব বোলারের বেলাতেই ঘটে থাকে।’
বোলারদের বোলিং অ্যাকশন সন্দেহজনক হলেই, আইসিসির কাছে সরাসরি রিপোর্ট করে ম্যাচের আম্পায়াররা। কিন্তু এই পথে না হেটে বোলারদের শুধরানোর জন্য আম্পায়ারদের সুযোগ দেয়ার উচিত বলে জানালেন গাভাস্কার। তার মতে, ‘বোলারদের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করার আগে দলের অধিনায়কের সাথে এ ব্যাপারে আলাপ-আলোচনা করা উচিত। যাতে ঐ বোলার সর্তক হয়ে যায়। এরপর যদি বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহ জাগে তবেই আইসিসির কাছে রিপোর্ট করা উচিত।’