মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহবান রাষ্ট্রপতির

 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তৃণমূল পর্যায়ে জনগণের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। 
রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৪ উপলক্ষে দেয়া এক বাণীতে এই আহবান জানান।
মো. আবদুল হামিদ বলেন, স্বাস্থ্য একটি সমন্বিত বিষয় এবং মানসিক স্বাস্থ্য ব্যতীত স্বাস্থ্য বলতে গেলে অসম্পূর্ণ। তিনি সিজোফ্রেনিয়াসহ সকল ধরনের মানসিক রোগের সময়মত বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণের উপর জোর দেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্বাচনের যথার্থতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘আমি জানতে পেরেছি বর্তমানে বিশ্বব্যাপী সিজোফ্রেনিয়াসহ বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘সিজোফ্রেনিয়া নিয়ে বাঁচতে শিখি’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।’
তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানসিক রোগের চিকিৎসাও আধুনিক হয়েছে। 
রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে মানসিক রোগ সম্পর্কে ধারণা না থাকায় এ রোগে আক্রান্ত রোগীদের নানা হয়রানির শিকার হতে হয়। এমনকি তাদের পাগল বা বিকারগ্রস্ত বলেও চিহ্নিত করা হয়। ফলে তারা সমাজে লাঞ্ছিত ও অবহেলিত হন। অথচ এসব মানসিক রোগীদের যথাসময়ে চিকিৎসা করালে তারাও পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। 
মো. আবদুল হামিদ দিবসটির সাফল্য কামনা করে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপনকে স্বাগত জানান। 
খবর বাসস।
 
প্রন্টি ক্লোজ উইন্ডো