‘আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে’

 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা দেশের মানুষের ধন-সম্পদ লুট করে ক্ষমতায় থাকতে চায়। তাই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।’ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার হোমনায় তার নিজ বাসভবনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, আন্দোলনের মুখে আইয়ুব খানও ক্ষমতা ধরে রাখতে পারেনি। তাই জনগণের দাবি মেনে নিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন ততোই আপনার জন্য মঙ্গলজনক হবে। আর যদি তা না করেন তাহলে জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, তিতাস উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, হোমনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, তিতাস উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা প্রমুখ।