ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার শায়েরখালী ভোরের বাজারে আড্ডা দেওয়ার সময় একদল সন্ত্রাসী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীকে (৩০) কুপিয়ে জখম করেছে।

আদিলকে প্রথমে মিরসরাই মাতৃকা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আদিল নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ছাত্রদল নেতা আদিল মিরসরাই উপজেলার শায়েরখালী এলাকার আবু তাহের চৌধুরীর ছেলে। চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার সাংবাদিকদের বলেন, “জমি নিয়ে আদিলদের সঙ্গে এলাকায় অন্য এক পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের করা দুটি মামলাও মিরসরাই থানায় রয়েছে।”
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে আদিল সহযোগীদের নিয়ে বাজারে আড্ডা দিচ্ছিলেন। সন্ত্রাসীরা তাকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে চলে যায়।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন জমি নিয়ে আদিলদের বিরোধ থাকার বিষয়টি স্বীকার করলেও এই হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।