যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বৃহত্তম অর্থনীতির দেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, চীনের অর্থনীতির আকার এখন ১১ ট্রিলিয়ন ব্রিটিশ পাউন্ড। আর যুক্তরাষ্ট্রের অর্থনীতি ১০ দশমিক ৮ ট্রিলিয়ন পাউন্ডের।  সেই হিসাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির স্থানটি দখল করে নিয়েছে চীন। খবর ডেইলি মেইলের।

ব্যাপক শিল্পায়নের ফলে গত কয়েক দশকে চীনের অর্থনীতি বেড়েছে যুক্তরাষ্ট্রের চেয়ে অতি দ্রুতগতিতে। এতে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রায় দেড়শ বছর আগে ১৮৭২ সালে যুক্তরাজ্যকে পেছনে ফেলে বৃহত্তম অর্থনীতির স্থানটি দখলে নেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে এ পর্যন্ত দেশটি সেই অবস্থানেই ছিল।
আইএমএফ বলছে, ২০১৯ সাল নাগাদ চীনের অর্থনীতির আকার দাঁড়াতে পারে ১৬ দশমিক ৭ ট্রিলিয়ন পাউন্ডে। তত দিনে মার্কিন অর্থনীতি চীনের থেকে পিছিয়ে পড়তে পারে ২০ শতাংশ। অর্থাৎ মার্কিন অর্থনীতির আকার তখন দাঁড়াতে পারে ১৩ দশমিক ৮ ট্রিলিয়ন পাউন্ড।