লক্ষ্মীপুরে নিজ বন্দুকের গুলিতে এএসআই নিহত

লক্ষ্মীপুরের রায়পুর থানার সামনে দায়িত্বরত অবস্থায় নিজ বন্দুকের গুলিতে এএসআই আবদুল জলিল নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায়। নিহত আবদুল জলিল পাশ্ববর্তী জেলা নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইয়ারপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, নিহত এএস আই আবদুল জলিল লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার সময় বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশের সাথে এএসআই আবদুল জলিল রায়পুর থানা এলাকায় ডিউটিতে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এর কিছুক্ষণ পর রায়পুর থানার সামনে চা দোকানে গিয়ে চা পানরত অবস্থায় অসাবধনতাবসত নিজ বন্দুকের গুলি বের হয়ে বুকে লাগে। এতে আবদুল জলিল গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, দায়িত্বরত অবস্থায় পুলিশের এএসআই আবদুল জলিলের মৃত্যুতে আমরা শোকাহত। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বলা যাবে মূল রহস্য।