হবিগঞ্জে ১০ গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

 
 
সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকদের মধ্যে  বিরোধের জের ধরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১০ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার সকালে  ইমামবাড়ি বাজারে এ ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬০ রাউন্ড রাবার বুলেট ও ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সিএনজি মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছে। গত ৪ অক্টোবর মালিক পক্ষের নেতা ফরহাদের সাথে তার নিজের গাড়ির চালকদের ভাড়া আদায় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে শ্রমিক পক্ষের লোকজন ইমামবাড়ি বাজারে গেলে তাদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১১টায় দুই পক্ষের সমর্থনে ১০ গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বেলা ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। ফলে হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ ও হবিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।