ব্রাজিল আর্জেন্টিনার সুপারডার্বি কাল

মেসি নেইমারদের নিয়ে বেইজিংয়ে উম্মাদনা

 
 
 
 
 
 
নতুন কোচের অধীনে ব্রাজিল ও আর্জেন্টিনা আগামীকাল শনিবার চীনের বেজিং ন্যাশনাল স্টেডিয়ামে সুপারডার্বি অফ আমেরিকাস নামের প্রীতি ম্যাচে অংশ নেবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হতে যাওয়া খেলাটিতে দু’দলের প্রায় সব তারকাই অংশ নেবেন। এর মধ্যে সবার চোখ থাকবে লিওনেল মেসি ও নেইমারের উপর।
দক্ষিণ আমেরিকার সবচাইতে সফল এ দুটি দলের মধ্যে দ্বৈরথ অনেক পুরনো। যতবারই তারা মুখোমুখি হয় প্রতিবারই বিশ্ব জুড়ে তাদের খেলা নিয়ে বাড়তি আগ্রহ দেখা দেয়। এর মধ্যে ২০০০ সালের পর তারা ১৫বারের বেশি মুখোমুখি হয়েছে। সর্বসাম্প্রতিক সময়ে উভয় দল ২০১২ সালে তিনটি প্রীতিম্যাচে অংশ নেয়। এর মধ্যে প্রথমটিতে আর্জেন্টিনা ৪-৩ গোলে জয়ী হয়। ব্রাজিল দ্বিতীয়টি জেতে ২-১ গোলে এবং আর্জেন্টিনা একই ব্যবধানে তৃতীয়টিতে জয়ী হয়।
এ বছর ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পর আর্জেন্টিনা বিশ্ব র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। অপরদিকে বিশ্বকাপে চতুর্থ হওয়া ব্রাজিল ঠাঁই পায় ষষ্ঠ স্থানে। নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার পর কোচ বদলে ব্রাজিল দুঙ্গার অধীনে কলম্বিয়া ও ইকুয়েডোরের বিরুদ্ধে দুটি প্রীতিম্যাচ খেলে উভয়টিতেই জিতেছে। অপরদিকে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর খেলা একমাত্র প্রীতিম্যাচে ডুসেলডর্ফে স্বাগতিক জার্মানদের ৪-২ গোলে বিধ্বস্ত করে শোধ নেয়।
আর্জেন্টিনা ও ব্রাজিল উভয়েই যথাক্রমে জেরার্ডো মার্টিনো ও দুঙ্গার অধীনে নতুন জমানা শুরুর পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে। তবে যে মাঠে খেলা হচ্ছে সেই অলিম্পিক স্টেডিয়ামটিতেই ২০০৮ সালের অলিম্পিকে ফুটবলের সোনা জিতেছিলেন মেসিরা। আর্জেন্টিনা অধিনায়ক মেসির ক্যারিয়ারে প্রথম বড় শিরোপা ছিল সেটি। তখন তার বয়স ছিল কেবল ২১। দুই বছর পর আবারো তিনি এ মাঠে খেলে যান বার্সেলোনার প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে।
গত মঙ্গলবার বেজিংয়ে পৌঁছালে সেখানে লিওনেল মেসি ও নেইমারদের দেখার জন্য ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। সমর্থকরা খেলোয়াড়দের হোটেলে পর্যন্ত ভিড় জমায়। সমর্থকরা বিমান বন্দরে প্রিমিয়ার লিগের খেলোয়াড় মার্কোস রোহো ও উইলিয়ানকে ঘিরেও ভিড় করে। গঞ্জালো হিগুয়েনকেও চনমনেভাবে দেখতে পাওয়া যায়।