হতাশ না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানকে সরাতে ১২ বছর, স্বৈরাচার এরশাদকে সরাতে নয় বছর লেগেছিল। বহু রক্ত ঝরাতে হয়েছে। এ সরকারেরও পতন হবে। জনগণ আমাদের সঙ্গে আছে। যারা হতাশার কথা বলছেন তাদের বলি-হতাশার কিছু নেই। জয় আমাদের হবেই।’

নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নাজিম উদ্দিন জেহাদের স্মরণে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক জেহাদ দিবসের ২৪তম স্মরণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকারের পতন অবশ্যম্ভাবী। কারণ প্রতি রজনীর পর নতুন সূর্যোদয় হয়। সময় থাকতে বোধদয় না হলে তীব্র আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সময় যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল এর চেয়েও তীব্র আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন ঘটানো হবে।
তিনি বলেন, গণতন্ত্রের প্রতি আস্থাহীন সরকারকে বেশিদিন ক্ষমতায় রাখা যাবে না। অবশ্যই আন্দোলনের মাধ্যমে এ অনৈতিক সরকারের পতন ঘটানো হবে। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেল, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।