আ.লীগ নেতার স্কুলের দোকান দখল

শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের এক নেতা সেখানকার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ন্ত্রিত তিনটি টং দোকান ভেঙে নিজের পাকা দোকান নির্মাণের চেষ্টা করে। কিন্তু তার দখলে এলাকাবাসী বাধা দেন। দখলকারী এই নেতা কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনোয়ার হোসেন। দখলের ব্যাপারে তার দাবি, তিনি জায়গা ক্রয় করে দখলে গেছেন। বর্তমানে দোকান নির্মাণের কাজ বন্ধ রেখেছেন।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা রহমান জানান, তাঁদের বিদ্যালয়টি ১৯২১ সালে স্থাপিত। সে সময় স্থানীয় এক হিন্দু বৃদ্ধা বিদ্যালয়ের জন্য ২৩ শতক জমি দান করেন। বিদ্যালয় সরকারি হওয়ার সময় আরও জমির প্রয়োজন হলে এলাকার লোকজন ৫৩ শতক জমি বিদ্যালয়কে দেন। সিএস রেকর্ডের সময় ওই ৭৬ শতক জমিই স্কুলের নামে রেকর্ড হয়। চলতি আরএস রেকর্ডের সময় মাঠ জরিপে ৭৬ শতক জমিই বিদ্যালয়ের নামে রেকর্ড হয়েছে। কিন্তু চূড়ান্ত পরচা প্রকাশের সময় দেখা যায় ওই বৃদ্ধার নাতি বিপুল কুমারের নামে চার শতক জমি রেকর্ড হয়েছে।
সেলিনা রহমান বলেন, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। বর্তমানে রেকর্ড সংশোধনের মামলা করার প্রস্তুতি চলছে। ঠিক সেই সময় জমিটি দখলের চেষ্টা করা হয়েছে। বিপুল কুমার নিজে দখলে যেতে না পেরে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের সহযোগিতা নেন। আনোয়ার হোসেন স্কুল কর্তৃপক্ষকে কিছু না বলেই দোকানগুলো ভেঙে দিয়েছেন।
দোকান ভাঙায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, তাঁদের কিছু না বলেই হঠাৎ করে দোকান ভেঙে দেওয়া হয়েছে। দোকানে থাকা সব মালামাল নষ্ট করে দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম মাহাবুব হাসান জানান, বিদ্যালয়ের জমি দখল করে দোকান ভাঙার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।