ওসমানী বিমান বন্দরে ২০৩ যাত্রী সাড়ে ৭ ঘণ্টা আটকা

 
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, তার পরিবারের কয়েকজন সদস্যসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ২০৩ জন যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাড়ে সাত ঘণ্টা আটকা পড়েছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার সন্ধ্যার থেকে তারা আটকা পড়েন।
বিমানের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওসমানী বিমানবন্দর থেকে একটি ফ্লাইট সিলেট ছাড়ার কথা ছিল। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে সিলেট ছেড়ে যেতে পারেনি। ঐ বিমানের যাত্রী সংখ্যা ছিলেন ২০৩ জন। এর মধ্যে আন্তর্জাতিক যাত্রী ১৮৩ জন ও ২০ জন অভ্যন্তরীণ রুটের যাত্রী। তাদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও তার পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন।
বিমান সিলেট অঞ্চলের কমার্শিয়াল ইনচার্জ (সেলস এন্ড রিজার্ভেশন) এমডি শাহনেওয়াজ মজুমদার জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের সন্ধ্যা ছয়টার ফ্লাইট বাতিল করা হয়। রাত পৌনে ১২টার দিকে আরেকটি বিমান পাস নিয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ঐ বিমানের ফিরতি ফ্লাইটে আটকে পড়া যাত্রীরা রাত দেড়টায়  ঢাকায় রওয়ানা হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুর দুইটা ৫০ মিনিটে বিমানের একটি ফাইটে সাবেক রাষ্ট্রপতি তার মেয়ে এবং নাতি-নাতনী নিয়ে হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরাণ (র) এর মাজার জিয়ারত করতে সিলেট আসেন। সন্ধ্যা ছয়টায় বিমানের আরেকটি ফ্লাইটে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা। কিন্তু, ফ্লাইট বাতিল করা হলে সাড়ে সাত ঘণ্টা বিমানবন্দরে আটকা পড়েন। 
বিমান সিলেট অফিসের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে বেশীরভাগই লন্ডনের যাত্রী ছিলেন। যাদের শনিবার সকাল ১০টায় লন্ডন যাওয়ার কথা।