বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। শুক্রবার রাতে রাজধানীর ভাষানটেকের গোলটেক এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০ টার দিকে ঐ স্থানে এলাকার আবুল, মামুন, বাবলু, চোক্ষা, কানা আলমসহ ৭/৮ জন যুবক নাসির হোসেনকে (২৫) বাঁশ ও রড দিয়ে পিটিয়ে আহত করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাসানটেক থানার ওসি (তদন্ত) গোলাম নবী জানান, এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নাসির হোসেনের মামাতো বোন সপ্তম শ্রেণিতে পড়াশুনা করছে। কয়েকদিন আগে থেকে স্কুলে যাওয়ার সময় স্থানীয় বখাটেরা তাকে উত্ত্যক্ত করত। এ বিষয়টি ঐ ছাত্রী তার ফুফাতো ভাই নাসিরকে জানায়। শুক্রবার রাত ১০টার দিকে নাসির গোলটেক এলাকায় ঐসব বখাটেদের কাছে তার বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটেরা নাসিরকে বাঁশ ও রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে রাতেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত নাসির উদ্দিন বরিশালের গৌরনদীর মাগুরা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। বড় ভাই মোশারফ হোসেনের সঙ্গে ভাসানটেকের ৯৩/১/এ, দীন মোহাম্মদ কলোনীর বাসায় থাকতেন। মোশারফ স্থানীয় একটি পুকুরে মাছ চাষ করেন। ভাইয়ের এই মাছ চাষ দেখাশোনা করতেন নাসির।