মালালা-কৈলাসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

 
নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী, অকুতোভয় সাহসী মালালা জীবন বাজি রেখে পাকিস্তানের তালেবান প্রভাবিত সোয়াত উপত্যকায় নারী শিক্ষার আলো জ্বালিয়েছেন। আর ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণকারী কৈলাস সত্যার্থী দরিদ্র পরিবারের অসহায় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবত নিরবে সংগ্রাম করে গেছেন।
তিনি আরো বলেন, এ অর্জন তাদের উভয়কেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও সাহসী ও নিবেদিত করবে। পাশাপাশি এই উপমহাদেশের মানুষকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলার মাধ্যমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আরো সাহসী করে তুলবে। প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থীর দীর্ঘজীবন, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।