তাইওয়ানে উপকূলের অদূরে সমুদ্র বিষযে গবেষণা কাজে ব্যবহৃত একটি জাহাজ ডুবে গেলে এতে তাইওয়ানের দুই বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। আরো ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। উপকূলীয় কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
সরকারি সূত্রে জানা গেছে, জরুরি চিকিৎসা তাদের দু’জনকে বাঁচাতে পারেনি। ‘ওশান রিসার্চার ভি’ নামক জাহাজটি ২৭ জন যাত্রী ও ১৮ জন নাবিকসহ পেঙ্গু দ্বীপের উপকূলের অদূরে শুক্রবার ডুবে যায়।
৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জাহাজটি ২০১২ সালে চালু হয়। গ্রিনিচ মান সময় ১৩০০টায় শৈলশ্রেণীর সঙ্গে ধাক্কায় এটি ডুবে যায়।
উপকূলরক্ষী ও নৌবাহিনীর সদস্যরা অতি দ্রুত এক ডজন নৌযান ও হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজে নিয়োজিত হন।
জাহাজটি দক্ষিণাঞ্চলের তাইনান নগরীর একটি বন্দর থেকে বৃহস্পতিবার যাত্রা করে।