ঘূর্ণিঝড় হুদ হুদের প্রভাবে কাল সারা দেশে বৃষ্টি হতে পারে

আবহাওয়াবিদেরা ধারণা করেছিলেন হুদ হুদ নামক ঘূর্ণিঝড়টি বড় ধরনের হবে না। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে হুদ হুদ বড় ও শক্তিশালী আকার ধারণ করে দ্রুতগতিতে ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। এটি রোববার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনামে আঘাত হানতে পারে বলে সে দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

ঘূর্ণিঝড়টি এখন বিশাখাপত্তম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং গোপালপুর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। ভারতের স্থানীয় সময় রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এর গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার হতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। অন্যদিকে আগাম প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ভারতের উপকূলের কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে জানানো হয়েছে। সেনা ও নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় হুদ হুদের প্রভাবে আজ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। কালও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাসমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ।