পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

শনিবার রংপুরের বদরগঞ্জে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাঁচারীপাড়া ও কুতুবপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত ওই চার শিশু হলো কুতুবপুর সোনাপাড়া গ্রামের লিটন মিয়ার মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী লিপি (৬), একই ইউনিয়নের বালাপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র লিমন (৮), পৌরসভার বটপাড়া গ্রামের জগেন্দ্রনাথ রায়ের মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মিনাক্ষী রায় (৮) ও গোপীনাথপুর কাঁচারিপাড়া গ্রামের দীনবন্ধু রায়ের মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী কোকিলা রায় (৮)।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লিপি ঈদের পর নানা মোক্তার হোসেনের বাড়িতে গত বুধবার বেড়াতে যায়। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে লিপি ও তার মামাতো ভাই লিমন নিখোঁজ হয়। শনিবার সকাল সাতটার দিকে বাড়ির পাশের পুকুরে উভয়ের লাশ ভেসে ওঠে।সকাল ১০টার দিকে জানাজা শেষে শিশু দুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে মিনাক্ষী রায় গত মঙ্গলবার মামা দীনবন্ধু রায়ের বাড়িতে বেড়াতে যায়। এরপর গতকাল সকালে মামাতো বোন কোকিলা রায়কে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে উভয়ে মারা যায়।