মির্জাপুরে ঘরে পেট্রোল ঢেলে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় গতকাল শনিবার ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে ডিআইজি এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।
ডিআইজি নিহতদের পরিবারের লোকজনের সাথে দেখা করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পূর্বে দুপুরে ডিআইজি মির্জাপুর থানায় প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে ডিআইজি বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। এসময় তিনি জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ তানবীর, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামল কুমার দত্তসহ পুলিশের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন মামলার বাদী মোঃ মোফাজ্জল হোসেন, স্ত্রী ও তিন সন্তান হারানো মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বিএনপি নেতা ফিরোজ হায়দার খান, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিলুর রহমান খান আদিল, সিবিএ নেতা মোঃ আশরাফ খান ও ঠান্ডু প্রমুখ।
গত ৬ অক্টোবর ঈদের দিন দিবাগত রাতে মা-মেয়েসহ চার জনকে পুড়িয়ে হত্যা করে একই গ্রামের বাহার উদ্দিনের পুত্র জাহাঙ্গীর ও তার সহযোগিরা। জাহাঙ্গীরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করা হয়েছে।