নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নবাব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও অন্ততপক্ষে ৩০ জন আহত হয়। রবিবার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের প্রতাপপুর নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার প্রতাবপুর নামক স্থানে রবিবার দুপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নারী-শিশুসহ অন্তত ৩০ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নবাব আলী (৫৫), হালিমা খাতুন (৫০), নাছিমা খাতুন (৪০) ও শামছুল হক (৩০)সহ ১০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক নবাব আলীকে মৃত ঘোষণা করেন। নিহত নবাব আলীর বাড়ি উপজেলার পাবই গ্রামে।