সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত

 


পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ সামান্য উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে রবিবার দুপুর ১২টায় ভিসাকাপত্তমের নিকট দিয়ে ভারতের উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করা শুরু করছে। এটি পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করা সম্পন্ন করতে পারে। আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যহত রয়েছে।
চট্টগ্রাম, কঙ্বাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কঙ্বাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সূত্র- বাসস।