উরুগুয়ের হয়ে ফের নৈপুণ্যে সুয়ারেজ

 
 
সুয়ারেজ বিশ্বকাপে তার কুখ্যাতির পর আবার উরুগুয়ে দলে ফিরে এসে নৈপুণ্য দেখালেন। মূলত তার সুবাদেই গত শুক্রবার সৌদি আরবের সাথে আন্তর্জাতিক প্রীতিম্যাচে ১-১ গোলের ড্রয়ে সক্ষম হলো দক্ষিণ আমেরিকার দলটি। সৌদিদের মতোই ড্রয়ে বাধ্য হয় অস্ট্রেলিয়া। একই দিনে অবশ্য অপর প্রীতি ম্যাচগুলোয় জয় পায় জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া।
জেদ্দায় প্রিন্স আব্দুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার ৪৭ মিনিটে কোনাকুনি শট নিলেও তা দূরের পোস্টে লেগে ফিরে আসে। পরে এই বলটিই হাসান মুয়াত ফাল্লাতাহ’র আত্মঘাতী গোল হিসেবে উরুগুয়ের হিসেবে যোগ হয়। খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে তাকে তুলে নেয়া হলেও সুয়ারেজ শেষ পর্যন্ত জয় দেখতে পাননি। কেননা নাইফ হাজাজির শেষ মিনিটের গোলে সমতা ফেরায় সাবেক এশিয়ান চ্যাম্পিয়নরা।
ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় ইতালির ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড়ে দেয়ার কারণে ফিফা তাকে জাতীয় দলের হয়ে নয়টি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার ব্যাপারে নিষিদ্ধ করে। পরবর্তীতে পরে তাকে আপিলের প্রেক্ষিতে উরুগুয়ের হয়ে প্রীতিম্যাচ খেলার অনুমতি দেয়া হয়।
বার্সেলোনা ফরোয়ার্ডটিকে একই কারণে ক্লাব পর্যায়েও নিষেধাজ্ঞা দেয়া হয়, যা দুই সপ্তাহের মধ্যে উঠে যাবে। ধারণা করা হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার সুপার ক্লাসিকোর হয়ে তিনি মাঠে ফিরতে পারবেন। এদিন অবশ্য মাঠ থেকে উঠে আসার আগ মুহূর্তেও তিনি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তিনি তা কাজে লাগাতে পারেননি।
সুয়ারেজ তার প্রত্যাবর্তন সম্পর্কে পরে টুইটারে লেখেন,‘এই জার্সিটি আবার চাপাতে পেরে আনন্দিত, আমাকে অনেক আনন্দ দিয়েছে। এই জার্সিটিকে ভালবাসি, উরুগুয়া।’
এশিয়ান চ্যাম্পিয়ন জাপান নতুন কোচ হাভিয়ের অ্যাগুয়ারকে প্রথম জয় এনে দেয় জ্যামাইকার বিরুদ্ধে ১-০ গোলে জিতে। অস্ট্রেলিয়ার মতো জাপানও জানুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের জন্য দল গড়ার প্রক্রিয়ার মধ্যে আছে এখন। একই রাতের খেলায় অস্ট্রেলিয়া আবুধাবীতে সংযুক্ত আরব আমিরাতের সাথে গোলশূন্য ড্র করে। এশিয়ান কাপের ফাইনালিস্টদের মাঠে খেলাটিতে অজিরা অবশ্য গরম আবহাওয়ার কারণে সুবিধা করতে পারেনি।
জাপান নিজেদের মাঠ নিগাতায় অনুষ্ঠিত খেলাটিতে অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু ১৬ মিনিটে নায়রন নোসওয়ার্থির আত্মঘাতী গোলটিই তাদেরকে উতরে দেয়। মেক্সিকান কোচ এসে দায়িত্ব নেয়ার পর জাপান গেল মাসে উরুগুয়ের কাছে ২-০ গোলে হারের পর ভেনেজুয়েলার সাথে ২-২ গোলে ড্র করে। সঙ্গত কারণেই মঙ্গলবার সিঙ্গাপুরে ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে তাদের খেলার মান আরো উন্নত করতে হবে।
চীনও এশিয়ান কাপের প্রস্তুতি জোরদার করতে এদিন নিজেদের মাঠ উহানে ৩-০ গোলে হারায় থাইল্যান্ডকে। মাস্কটে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট কোস্টারিকা ৪-৩ গোলে পরাজিত করে স্বাগতিক ওমানকে। দক্ষিণ কোরিয়া ২-০ গোলে হারায় প্যারাগুয়েকে। এএফপি