ইবোলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় দেশ: স্বাস্থ্যমন্ত্রী

 
 
 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনোভাবেই যেন এই ভাইরাস দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের বন্দরগুলোতে মনিটরিং কার্যক্রম জোরালো করা হয়েছে। এই ব্যবস্থা আগামী কয়েক মাস অব্যাহত থাকবে। 
তিনি রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইবোলা ভাইরাস সংক্রমন মোকাবেলায় জরুরি সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. পারানিথরণ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বক্তৃতা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইবোলা ভাইরাসের সংক্রমণ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী যে সতর্কতামূলক কৌশল বাড়ানো হয়েছে বাংলাদেশও তার বাইরে থাকতে পারে না। তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে এই ভাইরাস মোকাবেলায় সতর্কতামূলক প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসময় গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয় স্বাস্থ্য মন্ত্রীদের সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তিনি অভিনন্দন জানান।