নোবেল জয়ে 'ম্যালেরিয়া'কে অভিনন্দন!



নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় মালালা ইউসুফজাইকে শুভেচ্ছা জানাতে গিয়ে 'ম্যালেরিয়া'কে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মালালা ইউসুফজাইকে শুভেচ্ছা জানান ক্যাম্পবেল। কিন্তু ভুল করে মালালার নাম ‘ম্যালেরিয়া’ লিখে ফেলেন তিনি।

ক্যাম্পবেলের টুইট ছিল, 'ম্যালেরিয়া তোমাকে অভিনন্দন ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য।'
জানা গেছে, স্ট্যাটাসটি প্রথমে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন ক্যাম্পবেল। পড়ে তা স্বয়ংক্রিয়ভাবে টুইটারে পোস্ট হয়ে যায়।

অনেকেই ভাবছেন, স্মার্টফোনগুলোর ‘অটো কারেক্ট’ সুবিধার কারণেই এই ভুল হয়েছে ক্যাম্পবেলের। কেননা, ইংরেজিতে ‘নোবেল’ বানানটিও ভুল লিখেছিলেন তিনি।

টুইটটি পোস্ট হবার সঙ্গে সঙ্গেই ক্যাম্পবেলের ভুল ধরতে হাজির হয়ে যান টুইটার ব্যবহারকারীরা। এরই মধ্যে তাকে নিয়ে চালু হয়ে নতুন নতুন সব কৌতুক। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও টনক নড়েনি ক্যাম্পবেলের।

কেউ কেউ টুইট করছেন, 'নাওমি ক্যাম্পবেলের টুইটের কারণে এবার লন্ডনে ম্যালেরিয়া আতঙ্ক ছড়িয়ে পড়বে।'

পাকিস্তানে নারী শিক্ষার বিস্তারে অবদান রাখার কারণে এ বছর নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় ১৭ বছর বয়সী মালালা ইউসুফজাইকে। এই পুরস্কারটি তাকে যৌথভাবে দেয়া হয়েছে ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যারথির সঙ্গে।