গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মৃত্যু

 
 
 
গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকায় রবিবার বিকেলে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন— গাইবান্ধা শহরের মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মৃত. সাজ্জাদ জহির ফারুকের ছেলে নির্মাণ জহির (২০) এবং শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ও গাইবান্ধা গণপূর্ত বিভাগে কর্মচারি সাখাওয়াত হোসেনের ছেলে রাহুল মিয়া (২১)। তারা দুইজনই এইচএসসি পাস করার পর স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির জন্য অপেক্ষমাণ।
গাইবান্ধা সদর থানার ও সি রাজিউর রহমান নিহতের পারিবারিক সুত্রের বরাত দিয়ে  জানান, রবিবার বিকেল পাঁচটার দিকে দুই বন্ধু নির্মাণ জহির ও রাহুল মিয়া মোটরসাইকেলযোগে কুপতলা গোডাউন বাজার থেকে গাইবান্ধা শহরে ফিরছিলেন। পথে স্কুলের বাজার এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নির্মাণ জহির ও রাহুল মিয়া গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নির্মাণ জহির ও হাসপাতালে ভর্তির পর রাত আটটার দিকে রাহুল মিয়া মারা যান।
তিনি আরো জানান, ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি। এনিয়ে থানায় মামলা হয়েছে।