গত মাসেই বিশ্বের শুরু হয়েছে নতুন আইফোনের বিক্রি। আর আগামী ১৭ অক্টোবর থেকে এর বিক্রি শুরু হবে চীনে। বিশ্বের সবচাইতে জনবহুল এই দেশটিতে আইফোনের চাহিদাও কম নয়। তার প্রমাণ মিলল অনলাইনে প্রি-অর্ডার দেওয়ার সুযোগ উন্মুক্ত করতেই। প্রি-অর্ডারের প্রথম এক ঘণ্টাতেই এক মিলিয়ন অর্ডার জমা পড়েছে নতুন সংস্করণের আইফোনের জন্য। তাও আবার কেবল শীর্ষ তিন টেলিকম অপারেটরেই জমা পড়েছে এই বিপুল সংখ্যক অর্ডার।
টেনসেন্ট নিউজের খবরে প্রকাশ, চীনের তিন শীর্ষ মোবাইল টেলিকম অপারেটর চায়না মোবাইল, চায়না টেলিকম ও চায়না ইউনিকমে আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসের প্রি-অর্ডার উন্মুক্ত করার প্রথম ঘণ্টাতেই এক মিলিয়ন প্রি-অর্ডার জমা পড়েছে। এর বাইরেও অন্যান্য টেলিকম অপারেটর ছাড়াও অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটেও জমা পড়েছে আরও অনেক প্রি-অর্ডার।
টেনসেন্টের খবরে জানা যায়, অফিশিয়াল প্রি-অর্ডার শুরু হওয়ার আগে জিংডং নামে চীনের এক ওয়েবসাইটে নতুন আইফোনের জন্য বুকিং নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। এতে একদিনেই প্রায় ৯ মিলিয়ন নতুন আইফোনের জন্য নিবন্ধন হয়। আইফোন ৬ ও আইফোন ৬ প্লাসের জন্য এই বুকিং জমা পড়ে প্রায় সমান সমান।