যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে সংযুক্ত করবে গুগলের ফাইবার অপটিক ক্যাবল

 
 
ল্যাটিন আমেরিকা অঞ্চলের ইন্টারনেটের অবকাঠামোকে উন্নত করতে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে টেক জায়ান্ট গুগল। তাদের এই উদ্যোগে ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করবে একটি ফাইবার অপটিক ক্যাবল। খবর জেডডিনেটের।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় দ্রুত এগিয়ে আসছে ল্যাটিন আমেরিকা। এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ ব্রাজিলেও এই সংখ্যা বাড়ছে অত্যন্ত দ্রুতগতিতে। এই দেশটির ইন্টারনেটের অবকাঠামোকে টেকসই করতেই যুক্তরাষ্ট্র থেকে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ব্রাজিলকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে গুগল। তাদের এই পরিকল্পনায় দশ হাজার পাঁচশ ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করা হবে, যার এক প্রান্তে থাকবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বোকা র্যাটন শহর এবং অন্য প্রান্তে থাকবে ব্রাজিলের সান্তোস ও ফোর্টালেজা শহর। এই ক্যাবলে থাকছে ছয় জোড়া ফাইবার যা সম্মিলিতভাবে ৬৪ টেরাবাইট পার সেকেন্ড ধারণক্ষমতার হবে।
বিশ্বের অনেক দেশ থেকেই ইন্টারনেটের গতিতে পিছিয়ে থাকা ব্রাজিলে নতুন এই ফাইবার অপটিক ক্যাবল নতুন গতির সঞ্চার করবে বলে আশাবাদ জানিয়েছে গুগল। এ প্রসঙ্গে গুগল ল্যাটিন আমেরিকার প্রধান ক্রিশ্চিয়ান রামোস বলেন, ‘প্রতিনিয়তই নতুন নতুন মানুষ ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ায় উচ্চগতির ইন্টারনেট চালু রাখতে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন যাতে করে সকলেই দ্রুতগতির ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে পারে।’

২০১৬ সালের শেষ নাগাদ এই ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬০ মিলিয়ন মার্কিন ডলার।