ভারত ভ্রমণে যাচ্ছেন একশ’ বাংলাদেশি তরুণ

১০০ সদস্যের বাংলাদেশি তরুণ দল ভারত যাচ্ছেন আজ। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সাতদিনের এই সফরে প্রতিনিধিরা ভারতের রাজধানী নয়াদিল্লি, আগ্রা, স্যাটেলাইট সিটি গুরগাঁও, মুম্বাই, কলকাতার দর্শনীয় স্থাপনা দেখতে পারবেন। সেইসঙ্গে এই সফরে তারা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করারও সুযোগ পাবেন। এছাড়া যুব ও ক্রীড়ামন্ত্রী এবং মহারাষ্ট্রের গভর্নরের সঙ্গে সাক্ষাত্ করবেন সদস্যরা।
আয়োজকরা জানিয়েছেন, এ সফরের মাধ্যমে সফরকারীরা শুধু ভারত সম্পর্কে জানবে না, ভারতীয়রাও বাংলাদেশ সম্পর্কে জানার সুযোগ পাবে। এটি হবে সংস্কৃতি বিনিময়। আজ সোমবার আকাশ পথে ভারতের উদ্দেশে রওয়ানা হচ্ছেন তরুণরা। এ উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, সঙ্গীতশিল্পী হাবিব, অভিনেত্রী মেহজাবিন এসময় উপস্থিত ছিলেন। সফরের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন হাইকমিশনের কাউন্সিলর সুজিত ঘোষ।
হাইকমিশনার পঙ্কজ শরণ তরুণদের উদ্দেশে বলেন, বাংলাদেশ ও ভারতের সংস্কৃতির তেমন ভিন্নতা নেই। সফরটি হবে জীবন সম্পর্কে শেখারও সুযোগ। বাংলাদেশিরা যেমন ভারত সম্পর্কে জানতে চায়, তেমনি ভারতের মানুষও আজকের ও ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে জানতে চায়। এই সফরে ১০০ তরুণের মাধ্যমে অন্যরকম বন্ধুত্ব তৈরি হবে। অনুষ্ঠানে ২০১২ সালের প্রতিনিধি দলের সদস্য রেজা নওফুল হায়দার ও ২০১৩ সালের সদস্য সালমান আহমেদ বক্তব্য রাখেন।  এবার তৃতীয় প্রতিনিধি দল যাচ্ছে ভারতে। ২০ অক্টোবর তারা ঢাকায় ফিরবেন।

প্রতিনিধি দলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৬ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৯ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ জন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১০ জন, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ৫ জন, এফবিসিসিআই-এর ৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১৫ জন রয়েছেন। এছাড়া সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বেসররকারি আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি দলে রয়েছেন।