সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে ৩৫ জন প্রার্থী আবেদন করেছেন। রোববার ভর্তি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন নাজিয়া চৌধুরী এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের নয়টি বিভাগের ৬০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১৬টি বিভাগের ৮০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৭ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী। সব মিলিয়ে ২৫টি বিভাগের মোট এক হাজার ৪০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল সাড়ে নয়টায় এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল আড়াইটায় অনুষ্ঠিত হবে।