স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক বাবুয়া বোস আর নেই

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক প্রসেনজিৎ বোস বাবুয়া আর নেই। সোমবার ভোর তিনটা ৩৩ মিনিটে মেহেরপুর শহরের নিজ বাস ভবন ‘বসুভিলা'য় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার সম্মানে সকাল সাড়ে দশটায় মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও জেলা প্রশাসন গার্ড অব অনারের আয়োজন করেছে। বেলা ১১টায় শবযাত্রা শেষে বামনপাড়া শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বাবুয়া বোস স্বাধীন বাংলা বেতারে প্রচারিত নাটক ‘জল্লাদের দরবার’ নাটকে লারকানার নবাবজাদা ওরফে ভুট্টোর চরিত্রে অভিনয় করে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা যোগিয়েছেন। তার বাড়িটি ছিল মেহেরপুরের সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা। ১৯৪০ সালের ১০ অক্টোবর এ অঞ্চলের জমিদার বোস পরিবারের বসু ভিলায় জন্ম গ্রহণ করেন প্রসেনজিৎ বোস বাবুয়া।