বাংলাদেশ তার জন্য এমন কোনো ‘ভিনদেশ’ হওয়ার কথা নয়। এখানে ২৪৮ রানের অপরাজিত সেই মহাকাব্যিক ইনিংস খেলেছেন, ৭টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন, ক্যারিয়ারের শততম সেঞ্চুরি করেছেন; সবমিলিয়ে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই বাংলাদেশে। সেই বাংলাদেশে আবারও আগামীকাল সর্বকালের সেরা এই ব্যাটসম্যানের ছোঁয়া লাগতে যাচ্ছে। বলাই বাহুল্য, এবার আর ক্রিকেট খেলতে আসছেন না শচীন রমেশ টেন্ডুলকার। অবসরের এই জীবনে সামাজিক কিছু কর্মকাণ্ড ও বন্ধুত্বের ডাকে এবার বাংলাদেশে আসছেন ভারতীয় এই কিংবদন্তী ক্রিকেটার। টেন্ডুলকারের এবার ঢাকা সফরটা মূলত ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ ক্লাবের কর্ণধার লুত্ফর রহমান বাদলের আমন্ত্রণে। নবরূপে ও নতুন নামে আবির্ভূত হতে যাওয়া এই ক্লাবটির লোগো ও নতুন জার্সি উন্মোচন করাটাই সফরের মূল উদ্দেশ্য। তবে পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো একটি স্কুলের বাচ্চাদের সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক একটি সচেতনতামূলক কাজে অংশ নেয়ার কথা আছে তার।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের গত কয়েক বছরের সফল ও প্রভাবশালী কর্মকর্তা বাদল গত বছর গাজী ট্যাংক ক্রিকেটার্সের মালিকানা কিনে নিয়েছেন। কেনার পরপরই সেই ক্লাবের নাম বদল করে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ রাখার আবেদন করেন। সেই আবেদন অবশেষে বিসিবি তার সর্বশেষ সভায় অনুমোদন করেছে। তার ফলেই ক্লাবের লোগো ও নতুন জার্সি উন্মোচনের জন্য বন্ধু শচীন টেন্ডুলকারকে আনার উদ্যোগ নিয়েছেন তিনি।
গতকালও বাদল বললেন, ‘শচীন আমার ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। আমি ক্লাব কেনার সময়ই সে কথা দিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে আসবে। সেই অনুযায়ীই আসছে সে।’
সব ঠিক থাকলে আগামীকাল সকালেই ঢাকা পৌঁছাবেন শচীন টেন্ডুলকার। অবশ্য নিরাপত্তাসহ নানা কারণেই তার পৌঁছানোর সময়টা প্রকাশ করা হয়নি। ঢাকায় পৌঁছানোর পরপরই সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান রওনা হয়ে যাবেন রূপগঞ্জের উদ্দেশ্যে। সেখানে একটি স্কুলের বাচ্চাদের সচেতন করার কার্যক্রমে অংশ নেবেন। এরপর ঢাকায় ফিরে আসবেন।
ঢাকাতেই একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে লোগো ও জার্সি উন্মোচন পর্ব। সেখানে লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবালরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আর এই পর্ব শেষ করেই আবার দেশে রওনা দেবেন শচীন। চলমান ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে একটি দলের মালিক টেন্ডুলকার একদিনের বেশি টুর্নামেন্ট রেখে দেশের বাইরে থাকার সময় আর বের করতে পারেননি।