আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন এ্যানি

মানহানির মামলায় ফরিদপুরের ৭নং বিচারিক আদালতে সোমবার হাজিরা দেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সরোয়ার হোসেন এর আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে আগামী ৩১ ডিসেম্বর পরবর্তী হাজিরার তারিখ ধার্য করেছেন।
প্রসঙ্গত গত বছর ঢাকায় বিএনপি’র একটি সমাবেশে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে রাজাকার বলে মন্তব্য করেন এ্যানি। যা একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়। এতে ক্ষুব্দ হয়ে প্রবাসী কল্যাণমন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর বাদী হয়ে গত বছরের ১১ মার্চ ফরিদপুরের আদালতে মানহানির মামলা দায়ের করেন।
একই ঘটনায় প্রবাসী কল্যাণমন্ত্রী নিজে বাদী হয়ে এ্যানি’র বিরুদ্ধে মানহানি ও ৫০ কোটি টাকা ক্ষতিপূরণের পৃথক আরেকটি মামলা দায়ের করেন। মামলাটি ফরিদপুর জেলা যুগ্ম জজ আদালতে বিচারাধীন আছে।