তারেক সাঈদকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ

 
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার আসামি র‌্যাব-১১ এর সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদকে আদালতে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ নোটিশ দিয়েছে আদালত। সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন এই আদেশ দেন।
এদিকে আসামিদের হাজির করার সময়ে আদালতে তিনটি আবেদন করেন আইনজীবীরা। আগামী ১ ডিসেম্বর ঐ তিনটি আবেদনের ব্যাপারে আদালতে শুনানি ও আদেশ দেওয়া হবে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সাত খুন মামলায় গ্রেফতার হওয়া ২৪ জনের মধ্যে ২১ জনকে আদালতে হাজির করা হয়। তারেক সাঈদ ছাড়াও অসুস্থ থাকায় র‌্যাব সদস্য বিল্লাল হোসেনকে এবং রিমান্ডে থাকায় রুহুল আমিনকে এদিন আদালতে হাজির করা হয়নি।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী কোর্ট পুলিশের এসআই সোহেল আহমেদ জানান, তারেক সাঈদ ও বিল্লাল হোসেনকে অসুস্থতার কারণে আদালতে হাজির করা সম্ভব হয়নি মর্মে কারা কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি আমাদের কাছে এসেছে। কোর্ট চলাকালীন সময় সেই চিঠিটি আসায় তাৎক্ষণিক আমরা আদালতে উপস্থাপন করতে পারিনি। এই মামলার প্রধান আসামি নূর হোসেনকে দ্রুত ভারতের কারাগার থেকে দেশে ফিরিয়ে আনতে আদালতে আইনজীবীরা একটি আবেদন করেছেন। আদালত আগামী ধার্য দিনে এ বিষয়ে একটি আদেশ দিবেন।
বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা তিনটি আবেদন করেছি। মামলার অন্যতম আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে কেন আদালতে হাজির করা হয়নি, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে এবং কেন অভিযোগপত্র দাখিল করা হচ্ছে না- তার ব্যাখ্যা চাওয়া হয়েছে এসব আবেদনে।
গত ২৭ এপিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন আরো একজনের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় নজরুল ও চন্দন সরকারের পরিবারের পক্ষ থেকে পৃথক দুইটি হত্যা মামলা করা হয়।