ধর্মীয় লেবাসধারীদের সম্পর্কে সচেতন থাকার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়াজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ধর্মীয় লেবাসধারীদের সম্পর্কে দেশের মানুষকে সচেতন থাকতে হবে। কেননা, তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা হাসিলের জন্য সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত থাকে।
তিনি বলেন, কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কুন্ঠাবোধ করে না। আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সে কথা আবারো প্রমাণিত হয়েছে।
হাছান মাহমুদ বলেন, এ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আরো প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।
সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, কৃষক লীগ নেতা এম এ করিম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, নারীনেত্রী ফাতেমা জলিল সাথী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ প্রমুখ।