চিতলমারীতে সংঘর্ষে আহত ১৫

বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েক জনকে গুরুতর অবস্থায় চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলার হাড়িয়ারঘোপ গ্রামের হাবিবুর রহমানের সাথে প্রতিবেশী এমদাদুল ফকিরের দীর্ঘদিন ধরে জমি-জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকাল ৯টার দিকে এমদাদুল ফকির তার দলবল নিয়ে হাবিবুরের বাড়ির লোকজনের উপর হামলা চালায়। এসময় হামলায় হাবিবুর রহমান (৪০), মো. ডাবলু ফকির (৩৫), রেছিয়া বেগম (২৪), নজরুল ফকির (৬০), আয়রণ বেগম (৫০), আকরাম ফকির (৪৫), নাঈম ফকির ( ১৫), নূরজাহান বেগম (৯০), আবুল ফকির ( ৭০), নজু ফকির ( ৬৫), বাবলু ফকির (৪০), আকরাম ফকির (৪২)সহ প্রায় ১৫ জন  আহত হয়েছে।
এদের মধ্যে হাবিবুর রহমান ও ডাবলু ফকিরকে আশঙ্কা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে।