আদালত অবমাননা: বার্গম্যানের রায় ১ ডিসেম্বর

 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ বিষয়ে আদেশের জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। খবর: বাসসের।
গত ৪ সেপ্টেম্বর বিষয়টির ওপর শুনানি শেষে আজ ১৩ অক্টোবর আদেশ দেয়ার জন্য দিন ধার্য ছিল। বার্গম্যানের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান আজ সময়ের আবেদন পেশ করলে ট্রাইব্যুনাল পরবর্তী দিন ধার্যের এ আদেশ দেয়। বিষয়টির ওপর আবেদনকারীর পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী মিজান সাঈদ শুনানি করেন।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে লেখায় ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ২০ ফেব্রুয়ারি আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ। এ আবেদনের প্রাথমিক শুনানি শেষে ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে রুল জারি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল।
গত ১৮ মার্চ ডেভিড বার্গম্যানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান রুলের জবাব দাখিল করেন। ঐ জবাবে আদালত সন্তুষ্ট নয় বলে জানিয়ে দেয়। পরে ডেভিড বার্গম্যানকে কেন আদালত অবমাননার দায়ে শাস্তি দেয়া হবে না- আবারো তার ব্যাখ্যা দিতে ১৭ এপ্রিল আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। অন্যথায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করে ট্রাইব্যুনাল।
ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দি নিউ এজ’র বিশেষ প্রতিনিধি।