বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই শিশু

 
ইউনিয়ন পরিষদ ও এমজেএসকেএস’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দুই শিশু। জানা গেছে, রবিবার রাতে জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া বামন পাড়া গ্রামের এন্তাজ আলীর শিশু কন্যা দলদলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রি এসমোতারার (১২) বিয়ে আয়োজন চলছিল। খবর পেয়ে মহিদেব যুব কল্যাণ সমিতি সিও সিদ্দিকা বেগম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করেন। এরপর তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ করে দেন।
এদিকে, ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপে একই দিনে দামুয়ার পাড়া গ্রামের আঃ কুদ্দুছ এর শিশুকন্যা উত্তর দলদলিয়া বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রি কল্পনা বেগমের (১৬) বাল্যবিয়েও বন্ধ করে দেয়া হয়। দলদলিয়া ইউয়িনের চেয়ারম্যান আব্দুল হান্নান সরকার বলেন, উদ্যোগ না নিলে বাল্যবিয়ে ঠেকানো যেতনা। দু’টি বাল্যবিয়ে বন্ধ করার ঘটনায় ইউনিয়ন পরিষদের ভূমিকার প্রশংসা করছেন সচেতনমহল।