সিসি টিভির ফুটেজ দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতর অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। সোমবার দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে ঘটনার শিকার স্কুলছাত্র ও রোগীর স্বজন মোঃ শফিকুল ইসলাম ফুটেজ দেখে লাল গেঞ্জি পরিহিত এক তরুণকে চিহ্নিত করে।
রবিবার বিকালে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের দ্বিতীয় তলায় লিফটের সামনে শফিকুল ইসলামের পেটে পিস্তল ঠেকিয়ে এক হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, ঐ ছিনতাইকারীকে ধরতে ফুটেজটি মেডিক্যাল ক্যাম্প পুলিশ ফাঁড়ি ও অন্যান্য কর্মচারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম মামলা করলে ঐ মামলায় পুলিশ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে যমজ নবজাতকের একটি শিশু চুরির ঘটনাটি সিসি টিভির ফুটজে থেকে চোরকে শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।