চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ প্রত্যাশীদের নির্যাতনের অভিযোগে গাজীপুরের কোনাবাড়ি থেকে নয়জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। তারা ‘এমটাচ বিডি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এমন প্রতারণা করে আসছিলেন। গ্রেফতারকৃতরা হলেন-আমিনুল ইসলাম তুষার, আবুল কালাম আজাদ, শাহাবুল ইসলাম, শাহীন আলম, সাইফুর রহমান, আলমগীর, লিমন, সুইট ও আবু তাহের মাসুম। ঘটনাস্থল থেকে কিছু সীলমোহর, সাদা স্ট্যাম্প, নিয়োগপত্র ও ল্যাপটপ জব্দ করা হয়।
র্যাব-৪ এর কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা কয়েক মাস আগে এমটাচ বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে গাজীপুরের কোনাবাড়ির কাশিমপুর রোডের একটি বাসা ভাড়া নেয়। এরপর ঐ প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞাপন দেয়। ঐ প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসাবে নিয়োগ দেয়ার কথা বলে বেকার যুবকদের কাছে তারা ২৮ হাজার টাকা করে ‘জামানত’ নেয়। এরপর নিয়োগপ্রার্থীদের জানানো হয়, আসলে তাদের মালপত্র বিক্রি করার কোনো পদ্ধতি নেই। প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তি আরো দু’জনকে একইভাবে ঐ প্রতিষ্ঠানে যুক্ত করবেন। তাদের জমা দেয়া টাকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তি সাত হাজার টাকা বোনাস পাবেন। এদিকে কোনো প্রার্থী টাকা ফেরত চাইলে তাকে মারধর করে একটি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়া হতো এবং চুপ থাকতে হুমকি দেয়া হতো। এরপর প্রতারিতরা র্যাবের কাছে অভিযোগ দিলে বিষয়টি তদন্ত শুরু করে। র্যাব সোমবার সকালে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।